দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে চলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। আহত সাব্বিরকে প্রথমে জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকালে সাব্বিরের বড় ভাই মো. সুলতান জানান, চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর ভাইয়ের ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরানো সম্ভব নয়। চোখের পাশাপাশি মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। আঘাতের মাত্রা নির্ণয়ে সিটি স্ক্যান করা হবে।
তিনি বলেন, “আগে চিকিৎসা শেষ হোক। এরপর পুলিশের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পরিবারের সদস্যরা জানান, ঘটনার চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই সাব্বিরকে জামতৈল স্টেশনে নামানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
স্টেশন সংশ্লিষ্টদের ধারণা, উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী কোনো এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রেলপথের কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে বখাটে ও মাদকসেবীদের আড্ডা বসে। বিশেষ করে কামারখন্দ উপজেলার রসুলপুর-কয়েলগাতী এলাকার ছাগলাপাগলা দহ রেলব্রিজ, তাজুরপাড়ার চতরার দহ রেলব্রিজ এবং উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতু এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়ের ধারণা, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের সঙ্গে এসব এলাকায় অবস্থানকারী বখাটে বা মাদকসেবীরা জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আহতের পরিবার চিকিৎসা শেষে মামলা করার কথা জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।
অন্যদিকে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, ঘটনাটি রেলওয়ে পুলিশের তদন্তসংশ্লিষ্ট। তবে খবর পাওয়ার পর স্থানীয় পুলিশও আহতের খোঁজখবর নিয়েছে।
আহত সাব্বির জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. দুলাল হোসেনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।
যে আই